Skip to content
Urban Scape
LifeBy Najmus Sakib

আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য

কামাল আতাতুর্ক সড়কের জ্যামে আটকে দেখা এক বাবা-মেয়ের সেলফি, যা সুখ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে।

2 min read
ঢাকার বনানীতে "বোরাক মেহনুর" লেখা ভবনের সামনে মেয়েকে কোলে নিয়ে বাটন ফোনে সেলফি তুলছেন এক বাবা; পেছনে রিকশা আর বাস।
কামাল আতাতুর্ক সড়ক, বনানী, ঢাকা।

পৃথিবীর সুন্দরতম দৃশ্য দেখার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে দেশ-বিদেশে ঘুরে বেড়ায়। ক্যালেন্ডার অনুমতি দিলে আমিও বেরিয়ে পড়ি। তবু আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যটি কোনো দূর দেশে নয়, ছিল এই শহরেই, তিলোত্তমা ঢাকায়।

দিনটা ছিল আর দশটা কর্মব্যস্ত দিনের মতোই, ঝলমলে রোদের এক সকাল। আমি অফিসে যাচ্ছিলাম, আর সবার মতো আমারও তাড়া ছিল। বনানীর কামাল আতাতুর্ক সড়কে আমাদের গাড়ি ছোটখাটো একটা জ্যামে আটকে গেল। অলস চোখে জানালার বাইরে তাকালাম।

সামনেই বোরাক মেহনুর নামের একটা ভবন। ভবনের সামনে বড় করে ফ্রেমে বাঁধানো "বোরাক মেহনুর" লেখা বসানো, অনেকটা “I love Bali” বা “I love Bangkok”-এর ধাঁচে।

সেই লেখার সামনে দাঁড়িয়ে ছিল এক লোক। পরনে আধময়লা লুঙ্গি আর পুরোনো শার্ট, মুখে কয়েকদিনের না-কামানো খোঁচা খোঁচা দাড়ি। কোলে বছর পাঁচেকের একটা মেয়ে, গায়ে আধময়লা ছাপা কাপড়ের ফ্রক। লোকটার অন্য হাতে হাজারখানেক টাকার একটা বাটন ফোন, সিম্ফনি বা ম্যাক্সিমাসের মতো, যেগুলোর ক্যামেরা বড়জোর ০.৩ মেগাপিক্সেলের। ফোনটা উল্টো করে ধরে লোকটা সযত্নে "বোরাক মেহনুর" লেখাটাকে ফ্রেমে আনছিল, মেয়েকে নিয়ে একটা সেলফি তুলবে বলে। খুব সম্ভবত সে মেয়েটির বাবা। পথ চলতে চলতে জায়গাটা তাদের ভালো লেগে গেছে, তাই বাবা-মেয়ে মিলে আনন্দ করে ছবি তুলছে।

মানুষ যতটুকুতে আনন্দ পায়, যতটুকুতে ভালো থাকে, ঠিক ততটুকুই তার জন্য সর্বোচ্চ সুখের সীমা।

সেই মুহূর্তে আমার মনে হলো, আনন্দ আর সুখ বোধহয় পৃথিবীতে খুবই সহজলভ্য জিনিস। এতটাই সহজলভ্য যে কামাল আতাতুর্ক সড়কের একটা ভবনের সামনের নামফলকও কারও কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা হয়ে উঠতে পারে, স্মৃতি ধরে রাখার মতো জায়গা। প্রতিটি মানুষই নিজের সাধ্যের ভেতর সুখ খুঁজে নেয়। মানবজন্মের এ এক অদ্ভুত, সুন্দর তাড়না।

ওই সকালটা সুখ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। আমি এখন মনে করি, মানুষ যতটুকুতে আনন্দ পায়, যতটুকুতে ভালো থাকে, ঠিক ততটুকুই তার জন্য সর্বোচ্চ সুখের সীমা।

এরপর থেকে যতবারই কামাল আতাতুর্ক সড়ক দিয়ে যাতায়াত করি আমার চোখ যায় “বোরাক মেহনুর” এ। আমি বারবার খুজি কোন সুখী বাবা-মেয়ে বা অন্য কোন সুখী মানুষকে। মানুষের সুখ খোজার এই নিরন্তর তাড়না কেন জানি আমাকেও একটু সুখের পরশ বুলিয়ে যায়।

See all
Green hills partly covered by low cloud and mist.

Where next · Sajek Valley, Rangamati

Sajek Valley in monsoon: walking above the clouds

Read the story